পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশবাসীর সুরক্ষা নিশ্চিত করতে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ক্যাবিনেট বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দেন—যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষের স্বার্থ ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও—বিভিন্ন জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে মোদি জোর দেন, এলপিজি-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে তিনি রাজ্য সরকারগুলিকে কালোবাজারি রুখতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেন। প্রয়োজন হলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, জ্বালানি সরবরাহ, মূল্য নিয়ন্ত্রণ এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে একাধিক জরুরি পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে এই বৈঠকে। বিশেষ করে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সে দিকেই নজর রাখতে বলা হয়েছে।