পুবের কলম,ওয়েবডেস্ক: মহিষের পিঠে চড়ে ভোট দিতে গেলেন যুবক! বিহারের যুবকের কাণ্ডে চক্ষু চড়কগাছ আম জনতার। ভাইরাল ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, কালো শার্ট, ধূসর রঙের ট্রাউজার এবং পাগড়ির মতো সবুজ কাপড় মাথায় জড়িয়ে একটি যুবক মহিষের পিঠে চড়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন।

রাস্তা  দিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন, বিশেষ করে শিশুরা মোবাইল হাতে এই অদ্ভূত   দৃশ্যের ছবি তোলেন। এই বিষয়ে ওই যুবককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এই প্রথমবার ভোট দিতে যাচ্ছি আমি। খুব উত্তেজিত। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইছিলাম।
তাই এই পন্থা অবলম্বন করি। আমি আশা করি, যেই ভোটে জিতুক না কেন, তিনি আমাদের গ্রামের দারিদ্র্য দূর করবেন। তরুণদের চাকরি দেবেন এবং মুদ্রাস্ফীতি মোকাবেলা করবেন।

বিহারের সমস্তিপুর জেলার উজিয়ারপুর লোকসভা কেন্দ্রে ১৭ লাখ ৪৮ হাজার ভোটার রয়েছেন। এই আসন থেকে টানা তৃতীয়বারের মত লড়াই করছেন ইউনিয়ন মন্ত্রী নিত্যানন্দ রাই। এখানে রাই এর মূল প্রতিদ্বন্দ্বি অলোক মেহতা, একজন অভিজ্ঞ আরজেডি নেতা এবং প্রাক্তন প্রতিমন্ত্রী।