পুবের কলম,ওয়েবডেস্ক:  শ্লীলতাহানি শিকার বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের আইআইটি’র ছাত্রী। ক্যাম্পাস  চত্বরে ঘটনাটি ঘটেছে বলেই খবর। অভিযোগ, বুধবার রাতে হস্টেলের কাছেই বাইকে সওয়ার তিন যুবক ওই ছাত্রীকে উত্যক্ত করে।

শুধু তাই নয়,  তাঁর নগ্ন শরীরের ভিডিয়ো রেকর্ড করা হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা।

অভিযুক্তরা গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ডিংও করেছে বলেও  জানান তিনি।  এদিকে এই ঘটনাকে ঘিরে উত্তরপ্রদেশের বারাণসীতে তীব্র শোরগোল পড়ে যায়।বিক্ষুব্ধ পড়ুয়াদের দাবি, অবিলম্বে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে হবে।

বিশ্ববিদ্যালযয়ের ওই নিগৃহীত ছাত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি কারমান বাবা মন্দিরের সামনে তাঁর এক বন্ধুর সঙ্গে হাঁটছিলেন।

সেই সময় অভিযুক্ত ৩ যুবক বাইকে চড়ে আসে। টেনে হিঁচড়ে তাঁকে নির্জন স্থানে নিয়ে যায়। তারপর তাঁকে পোশাক খুলতে বাধ্য করে। ১৫ মিনিট ধরে চলে নির্যাতন।
অত্যাচারের ছবি এবং ভিডিয়োও রেকর্ড করে রেখেছে তারা। তারপর তাঁর মোবাইল নম্বর নিয়ে তাঁকে ছেড়ে দেয় অভিযুক্তরা।  ঘটনার পরেই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ । গোটা ঘটনার পিছনে রয়েছে বহিরাগতদের হাত বলেই অনুমান।