পুবের কলম প্রতিবেদক: মিজোরাম বিধানসভা নির্বাচনে সংখ্যা-গরিষ্ঠতা পেল জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম)। সোমবার ৪০ আসনের বিধানসভা নির্বাচনে কেন্দ্রে এনডিএ-র জোট শরিক এমএনএফকে হারিয়ে ২৭ আসনে জয়লাভ করে বহুমত পেয়েছে জেডপিএম। গো হারা হেরেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এবং উপ-মুখ্যমন্ত্রী তাওনলুইয়া।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট এবারে মাত্র ১১ আসনে জিতেছে। অন্যদিকে, কংগ্রেস জিতেছে ১ আসনে এবং বিজেপি জিতেছে ২ আসনে। এর আগে, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান এবং ছত্তিশগড়ের সঙ্গে ৩ ডিসেম্বর মিজোরাম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা থাকলেও পরে, গণনার তারিখ পরিবর্তন করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে ৪০টি বিধানসভা আসন রয়েছে। এবার রাজ্যে মোট ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
৭ নভেম্বর একদফায় ৪০টি আসনেই ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে সবথেকে নজরকাড়া আসন ছিল আইজল-ইস্ট-১। এই আসনে জোরাম পিপলস মুভমেন্ট(জেডপিএম)-এর সহ সভাপতি লালথনসাঙ্গা মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।আরও পড়ুন:
অন্যদিকে, জোরাম পিপলস মুভমেন্ট(জেডপিএম)-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালডুহোমা সেরচিপ বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি এই আসনের বর্তমান বিধায়ক। তিনি এমএনএফ-এ নবাগত জে. মালসাওমজুয়াল ওয়ানচাওয়াং এবং কংগ্রেস প্রার্থী আর. ওয়ানলালাতলুয়াঙ্গার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া, হাচচেক বিধানসভা আসনটিও যথেষ্ট উল্লেখযোগ্য। এই আসনে রাজ্যের বর্তমান ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমাভিয়া রায়তে এবং কংগ্রেস বিধায়ক লালরিন্দ্রিকা রাল্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।
আইজল ওয়েস্ট-৩ আসনে কঠিন লড়াই হয় মিজরাম ন্যাশনাল ফ্রন্ট, জোরাম পিপলস মুভমেন্ট এবং কংগ্রেসের মধ্যে।আরও পড়ুন:
এতদিন মিজোরামের ক্ষমতা ছিল কংগ্রেস এবং এমএনএফ-এর হাতে। হাতবদল হয়ে বারংবার তারাই শাসন করেছে মিজোরাম। বিগত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল জোরামথাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। সেই জোরামথাঙ্গাই এবার আইজল ইস্ট-১ আসনে জেডপিএম-এর লালথানসাঙ্গার কাছে হেরে গিয়েছেন।
আরও পড়ুন:
জেডপিএম সূত্রে খবর, শীঘ্রই মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন লালডুহোমা। সেরচিপ আসনে মোট ২৯৮২ ভোটে জিতেছেন লালডুহোমা। জানা গিয়েছে, মঙ্গলবার নতুন মন্ত্রিসভা গঠন করার দাবি জানাবে জেডপিএম।
আগামীকালই দলের নির্বাচিত বিধায়ক নিয়ে বৈঠক করার পর সরকার গঠন করার দাবি জানাবে জেডপিএম। যদিও, নির্বাচনের ফলফল ঘোষণা হওয়ার পর, লালডুহোমা জানান, এখনও সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার, আইজলে আমাদের দলীয় নেতা এবং নব-নির্বাচিত বিধায়কদের সঙ্গে প্রথমে দেখা করতে হবে। যেহেতু, কিছু প্রার্থীর রাজধানীতে পৌঁছাতে আরও সময় লাগতে পারে, আমরা বুধবার আরেকটি বৈঠক করব। আমরা, সম্ভবত বুধবার সরকার গঠনের দাবি জানাতে পারব এবং বৃহস্পতিবার বা শুক্রবারে শপথ গ্রহণ করা হতে পারে।আরও পড়ুন:
তবে, জানা গিয়েছে, একইদিনে মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা শপথ নেবেন না। প্রথমে শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী লালডুহোমা। এদিন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লালডুহোমা আরও বলেন, মিজোরামের নতুন সরকার দুর্নীতির জন্য জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। একইসঙ্গে, তিনি জানান, কৃষি ক্ষেত্রের উন্নয়নে নজর দেবে নতুন সরকার। পাশাপাশি, জেডপিএম নেতারা জানিয়েছেন, নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, সেগুলিও পূরণ করা হবে।