পুবের কলম,ওয়েবডেস্ক: মাকে হত্যা করার অভিযোগ উঠেছে ১৭ বছর বয়সী এক ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালগর জেলায় । পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গত রবিবার গভীর রাতে ভাসাই শহরের পারোল এলাকায় এ ঘটনা ঘটে। মান্দভি পুলিশ স্টেশনের ইনস্পেক্টর অশোক কাম্বলে বলেন, অভিযুক্ত ছেলে তার মা সোনালি গর্গের (৩৫) চরিত্র নিয়ে সন্দেহ করতেন।
এ নিয়ে তাদের প্রায়ই ঝগড়া হতো। এদিন রাতে ছেলে যখন রাতের খাবার খাচ্ছিল, তখন খেয়াল করেন তার মা মোবাইলে কাউকে মেসেজ করছেন। এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং কুড়ুল এনে তার মাকে আঘাত করে বলে জানা যায়। অশোক কাম্বলে জানান, ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্য বাড়িতে উপস্থিত ছিল না।
গুরুতর আহত সোনালিকে এরপর দ্রুত ইন্দ্রা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোনালিকে মৃত ঘোষণা করেছেন। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। তবে তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।