পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে বসবাস এবং বাণিজ্যিক সেমি-ট্রাক চালানোর অপরাধে অন্তত ৩০ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফেডারেল প্রশাসনের এক বিশেষ অভিযানে ধরা পড়া এই ভারতীয়দের খুব শীঘ্রই ভারতে ফেরত বা ডিপোর্ট করা হবে বলে জানানো হয়েছে।

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত অ্যারিজোনার ‘ইউমা সেক্টর’-এ বর্ডার প্যাট্রোল এজেন্টরা ‘অপারেশন চেকমেইট’ নামে একটি বিশেষ অভিযান চালায়। এই অভিযানের উদ্দেশ্য ছিল দেশের অভিবাসন আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে জননিরাপত্তা সুনিশ্চিত করা এবং বাণিজ্যিক যানবাহন পরিচালনাকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা।

৫ দিনের এই অভিযানে মোট ৫২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে ৩৬ জনই বড় বড় সেমি-ট্রাক চালাচ্ছিলেন।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, গ্রেফতার হওয়া ৩৬ জন অবৈধ ট্রাক চালকের মধ্যে ৩০ জনই ভারতীয় নাগরিক। বাকি ৬ জন মেক্সিকো, এল সালভাদর এবং রাশিয়ার নাগরিক। চাঞ্চল্যকর বিষয় হলো, এদের মধ্যে অনেকের কাছে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং ভার্জিনিয়ার মতো গুরুত্বপূর্ণ মার্কিন রাজ্যগুলির বাণিজ্যিক চালকের লাইসেন্স ছিল, আবার বেশ কয়েকজনের কাছে কোনও ধরণের ড্রাইভিং লাইসেন্সই ছিল না।