পবিত্র মসজিদে নববীর প্রতিবেশী শতবর্ষী কুরআনপ্রেমীর ইন্তেকাল
মদিনা– ২৩ জুন সুদূর ইমাম বুখারির দেশ সমরখন্দ থেকে তিনি এসেছিলেন শুধুমাত্র পবিত্র মদিনার সবুজ গম্বুজটির টানে। প্রিয় নবীজি সা.-র প্রতি নিখাদ ভালোবাসা থেকে মসজিদে নববীর খেদমতে এবং রওজায়ে নবীর সান্নিধ্যে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন তিনি।
সেই কবে পবিত্র ভূমির মাটি স্পর্শ করেছিলেন তিনি। আর ফিরে যাননি স্বদেশে পরিবার-পরিজনদের কাছে।
সর্বদা হাস্যোজ্জ্বল এই মানুষটিকে প্রায়ই মসজিদে নববীতে কুরআন তিলাওয়াতে মগ্ন থাকতে দেখা যেত। আল্লাহ্র জিকিরে জিহ্বা সিক্ত থাকত তাঁর। মসজিদে নববীতেই দীর্ঘ ৫০ বছর ধরে পাঁচ ওয়াক্ত নামায আদায় এবং মহান আল্লাহ্তায়ালার জিকির ও ইবাদত বন্দেগি করেছেন তিনি। তাঁর কোনও স্ত্রী বা সন্তান ছিল না। মদিনার পবিত্র মসজিদে নববীর পাশেই একটি ঘরে একাকী থাকতেন। মৃতু্যর সময় মহিউদ্দিন হাফিজুল্লাহর বয়স হয়েছিল আনুমানিক ১০৭ বছর। মহিউদ্দিন ছিলেন মদিনা নগরীর প্রবীণদের অন্যতম। ইসলামে দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব (রা.)-এর বংশধর। ইসলামের বিখ্যাত ইতিহাসবিদ ও আলেম মহিউদ্দিন ইবনে আরাবি (রহ.) ছিলেন তাঁর পূর্বপুরুষ।