পুবের কলম,ওয়েবডেস্ক: প্রকৃতির ‘রুদ্র রোষের’ শিকার উত্তর ভারত। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে হিমাচল প্রদেশ। জায়গায় জায়গায় ধস নেমেছে, ভেঙে পড়েছে জাতীয় সড়ক। এক কথায়  প্রকৃতির তাণ্ডবে প্রলয় চলছে হিমাচলে।
তাসের ঘরের মতো  ভেঙে পড়ছে সিমলা, কুলু, মানালির মতো পর্যটন কেন্দ্র। রাজ্য জুড়ে  সর্বত্র একই ছবি। পুরো হিমাচলে যখন ‘জল প্রলয়’ তখন ব্যতিক্রম  ছিল পান্ডো নামক এক ছোট্ট শহর। তবে বেশিক্ষণ ‘প্রকৃতির ক্ষোভ’  থেকে বাঁচানো গেল না এই শহরকে।
বাঁধ খুলে দেওয়ায় প্রায় ৯ ফুট জলের তলায় তলিয়ে গেল পাহাড়ি শহরটি। বরং অন্যান্য শহরের তুলনায় পান্ডো শহরের বর্তমান পরিস্থিতি এখন চোখে জল আনার মতো।

প্রশাসন সূত্রের খবর, মান্ডি জেলায় বিতস্তা নদীর উপর পং বাঁধ থেকে ১১২ কিলোমিটার উপরের দিকে পান্ডো ডাইভারসন বাঁধ। বৃষ্টির অতিরিক্ত জল এই বাঁধ থেকে পং বাঁধের দিকে ছাড়া হয়।
 টানা বৃষ্টির জেরে পান্ডো বাঁধের উপর চাপ বাড়তে শুরু করে। ফলে জল ছেড়ে দেওয়া হয়। সেই জল পং বাঁধে পৌঁছতে বেশি সময় লাগেনি। পং বাঁধে চাপ বেড়ে যাওয়ায় ফ্লাড গেট খুলে দেওয়া হয়। ব্যাস সেই জল মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় সমগ্র শহরটিকে। রাতারাতী এই কাণ্ডে নিরুপায় হয়ে ‘বিক্ষিপ্ত পতঙ্গের’ ন্যায় এদিক ওদিক ছুটতে থাকে এলাকাবাসী। অভিযোগ, তাঁদের আগাম সতর্কবার্তা না দিয়েই জল ছাড়া হয়।