পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা কেন্দ্র আমেথির পর এ বার ওয়েনাড়েও হারবেন ‘কংগ্রেসের সাহাবজাদা’! শনিবার রাহুল গান্ধিকে কটাক্ষ করে এমনটাই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রথম দফার নির্বাচন মিটতেই শনিবার থেকে দ্বিতীয় পর্বের জন্য প্রচারে নেমে পড়লেন মোদি। আর প্রথমেই রাহুল গান্ধিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।
মহারাষ্ট্রের নন্দেরে একটি নির্বাচনী জনসভা থেকে তাঁর দাবি, ‘আমেথি থেকে তাঁকে তাড়িয়ে ছেড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কংগ্রেস রাজপুত্র উনি। এবার ওয়েনাড়েও অসফল হবেন। উচিত শিক্ষা দেবে তাঁকে ওয়েনাড়ের ভোটাররা। ওয়েনাড় ছেড়ে দেওয়ার পর তাঁর দলকে তাঁর জন্য আরও একটি নিরাপদ আসন খুঁজতে হবে।’আরও পড়ুন:
রাহুলের পাশাপাশি নাম না করে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধিকেও নিশানা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ‘ইন্ডিয়া’র কিছু নেতার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস নেই। তাই তাঁরা লোকসভা ছেড়ে রাজ্যসভায় চলে গিয়েছেন।’ আগের কংগ্রেস সরকারের শাসনকালের কথা উল্লেখ করে মোদি বলেন, ‘কংগ্রেস সরকারের খারাপ শাসন সংশোধন করতে ১০ বছর লেগে গিয়েছে। কিন্তু আরও অনেক কাজ বাকি।’