ইসলামাবাদ, ৮ জানুয়ারি: ফের বিস্ফোরণ পাকিস্তানে। হঠাৎ বিস্ফোরণে নিহত হলেন পাঁচ পুলিশ কর্মী। আহত হয়েছেন ২৭ জন। সোমবার সকালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলার মামন্দ তহসিলে একটি পুলিশ ভ্যানের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশের আধিকারিক (ডিপিও) কাশিফ জুলফিকার।
পুলিশ জানিয়েছে, বাজাউর জেলার মামন্দ তহসিল এলাকায় টিকাদান অভিযান চলছিল। পুলিশ কর্মীরা পোলিও দলকে নিরাপত্তা দিতে যাচ্ছিলেন। বিস্ফোরণের কারণে ওই এলাকায় পোলিও অভিযান স্থগিত করা হয়েছে।আরও পড়ুন:
সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে ১২ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গুরুতর আহত আরও ১০ জনকে পেশোয়ারের একটি হাসপাতালে রেফার করা হয়েছে। এক বিবৃতিতে মোহমান্দ ও লোয়ার দির জেলার উদ্ধারকারী দলকেও ‘সতর্ক’ অবস্থায় রাখা হয়েছে। প্রাদেশিক উদ্ধারকারী দলের মুখপাত্র বিলাল ফয়জি জানিয়েছেন, "এদিন সকালে পুলিশ কর্মীরা যখন পোলিও টিকাদান অভিযানের জন্য যাচ্ছিলেন তখন বিস্ফোরণটি ঘটে। ইতিমধ্যে আহতদের বাজাউরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক আহতদের পেশোয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।" এখনও পর্যন্ত এই হামলার দায় কেও স্বীকার করেনি বলে জানা গিয়েছে।