পুবের কলম,ওয়েবডেস্ক: এনডিএ-র বিরুদ্ধে ২০২৪ এর ভোটে লড়বে  ‘ইন্ডিয়া’। মঙ্গলবার ২৬ বিরোধী দল বেঙ্গালুরুতে বৈঠকে বসেছিল। বিরোধীদের বৈঠকে ছিলেন শরদ পাওয়ার আর এনডিএ-র বৈঠকে ছিলেন অজিত পাওয়ার। এই বৈঠকের পরের দিনই উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করলেন অজিত পাওয়ার।
ইতিমধ্যে তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদের সদস্য উদ্ধব। অধিবেশনে যোগ দিতেই বিধানসভা চত্বরে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন বিধায়ক পুত্র আদিত্য ঠাকরেও।
সে সময় বিধানসভায় থাকা অজিতের সঙ্গে দেখা করেন উদ্ধব। এই সাক্ষাৎ প্রসঙ্গে উদ্ধব বলেন, ‘আমি অজিত পওয়ারের সঙ্গে দেখা করেছি এবং ধন্যবাদ জানিয়েছি। আমি আশা করব, উনি মানুষের জন্য সঠিক কাজ করবেন।’ তিনি আরও বলেন, ‘আমি আশাবাদী যে রাজ্যের মানুষ আর্থিক সুরাহা পাবেন, কারণ উনি এখন অর্থমন্ত্রী রয়েছেন।
’ উদ্ধব যখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময় অজিতই ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী। কিন্তু ২০২২ সালের জুন মাসে অনুগত বিধায়কদের নিয়ে বিজেপির সঙ্গে হাত মেলান শিবসেনা নেতা একনাথ শিন্ডে। ইস্তফা দেন উদ্ধব। ভেঙে যায় এনসিপি, কংগ্রেস এবং শিবসেনার জোট সরকার।

গত ২ জুলাই কাকা শরদ পওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মহারাষ্ট্রের একনাথপন্থী শিবসেনা-বিজেপি জোট সরকারে যোগ দেন অজিত  ও তাঁর দলবল । দলের ৫৩ জন বিধায়কের মধ্যে অন্তত ৪০ জনের সমর্থন তাঁর দিকে রয়েছে বলে দাবি করেন অজিত। বর্তমানে তিনি  ছাড়াও তাঁর শিবিরের সাত জন বিধায়ক মন্ত্রী হন।