পারিজাত মোল্লা: মঙ্গলবার শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের চিকিত্‍সা সুনিশ্চিত করতে জেল কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিল আলিপুর আদালত। এদিনকার শুনানিতে জেল কর্তৃপক্ষের উদ্দেশে বিচারক বলেন, 'চিকিত্‍সা যেন দ্রুত হয়, তা সুনিশ্চিত করুন।'এদিন অর্পিতা মুখোপাধ্যায়ের চিকিত্‍সার জন্য আবেদন জানান তাঁর আইনজীবী । সেটা কমান্ড হাসপাতাল হলেও কোনও আপত্তি নেই বলে জানান তিনি। ওই আইনজীবী জানান, -' চিকিত্‍সার পর অর্পিতা কিছুটা ভালো আছেন।

তাঁর এক্স রে এবং স্ক্যানের দরকার'। নিয়মিত যেন চিকিত্‍সা হয়, সেই আবেদন জানান ধৃতের আইনজীবী। এই সওয়ালের পর জেল কর্তৃপক্ষের তরফে হাজির প্রতিনিধিকে বিচারক বলেন, 'আপনাদের উদ্যোগ নিয়ে যেন কোনও সন্দেহের অবকাশ না থাকে।

উনি যাতে বুঝতে পারেন যে চিকিত্‍সা হচ্ছে। আপনারা ওঁর অভিভাবক।

আপনারা তো এসএসকেএমে চিকিত্‍সার জন্য পাঠান। আমাদের রাজ্যে বেস্ট সুপার স্পেশালিটি হাসপাতাল।'অর্পিতা নিজেও নিজের শারীরিক সমস্যার কথা বলেন। বিচারক বলেন, 'জেল কোড অনুযায়ী জেল কর্তৃপক্ষ এর দায়িত্বে আছেন। ওখানে যেটা হবে সেটা জেনে নেবেন।
আপনার কিছু হলে ওঁরা দায়ী হবেন।

জেল কোড অনুযায়ী ওঁরাই এই দায়িত্ব পেয়েছেন।' উল্লেখ্য গত বছর জুলাইতে বিপুল টাকা উদ্ধার হওয়ার পর বাড়ি থেকে ইডি হাতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। সেই থেকে তাঁরা জেলবন্দি। জামিনের আবেদন বার বার খারিজ হয়েছে। এমনকী অসুস্থতার আর্জিও ধোপে টেকেনি। বরং সংশোধনাগারেই পার্থ এবং অর্পিতার চিকিত্‍সার ব্যবস্থা হয়েছে। এবার সেই চিকিত্‍সাই আরও উন্নত এবং সুনিশ্চিত করার নির্দেশ দিলেন আলিপুর আদালতের বিচারক।