রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার কালীঘাটে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি-সংলগ্ন চত্বরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দলীয় সূত্রে খবর, রবীন্দ্রস্মরণে গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি পালন করা হবে।
প্রথমে তৃণমূলের তরফে একটি অরাজনৈতিক সংগঠনের ব্যানারে শহরের তিনটি আলাদা জায়গায় অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে সেই অনুমতি মেলেনি বলে দলটি জানিয়েছে। এরপরই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের চত্বরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে অংশ নেবেন একাধিক শিল্পী। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়-সহ আরও অনেকে। তৃণমূলের অন্দরেই থাকা শিল্পী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ইতিমধ্যেই কালীঘাট চত্বরে প্রস্তুতি শুরু হয়েছে। মঞ্চ সাজানো থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া—সব কিছুই চলছে জোরকদমে। শনিবারের অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও উল্লেখযোগ্য হতে পারে বলে তৃণমুল কংগ্রেস মনে করছে।