পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফর ঘিরে জল্পনা। পিছিয়ে গেল শাহর বঙ্গ সফর। চলতি মাসে রাজ্যে আসছেন না বলে খবর। তবে সফর পিছিয়ে যাওয়ার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।

বিজেপি এ বিষয় নিয়ে এখনও কিছু জানায়নি বলে খবর। দিল্লির তরফেও শাহর বঙ্গ সফর নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরবঙ্গে আসার ঠিক পরপরই অমিত শাহের সফর চাইছে না বঙ্গ বিজেপি। বরং কয়েকদিন পর তিনি এলে সংগঠন নতুন করে উদ্যমী হয়ে উঠবে।

আগামী ২৯ তারিখ আলিপুরদুয়ারে জোড়া সভা করতে আসছেন নরেন্দ্র মোদি। প্যারেড গ্রাউন্ডে তিনি প্রশাসনিক বৈঠক ও জনসভা করবেন। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই সফর দিয়েই সলতে পাকাতে চাইছে বঙ্গ বিজেপি। এমনটাই মত রাজনৈতিক মহলের।

ঠিক তার দু’দিন পর, ৩১ মে রাতে কলকাতায় পা রাখার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। এই সফর নিয়ে যদিও নিশ্চিত করে কিছু বলেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে দলীয় স্তরে প্রস্তুতি চলছিল ‘শাহি’ সফর নিয়ে। ১ জুন দিনভর তাঁর একাধিক বৈঠকের কথা ছিল। তবে সেই সফর অন্তত এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বলে খবর। এ মাসে আর বাংলায় আসছেন না তিনি।