পুবের কলম ওয়েব ডেস্ক: শহর কলকাতায় ফের বাড়ল অটোর এলপিজির দাম। বুধবার থেকে এক লিটার অটোর গ্যাসের দাম একলাফে বেড়েছে ১২ টাকা ২৮ পয়সা। ফলে মঙ্গলবার পর্যন্ত যেখানে দাম ছিল ৭০ টাকা, সেখান থেকে বেড়ে তা দাঁড়িয়েছে ৮০ টাকা ৯৬ পয়সায়। এই বৃদ্ধি কার্যকর হয়েছে বুধবার সকাল থেকেই।
পরিসংখ্যান বলছে, গত এক মাসের মধ্যেই ধাপে ধাপে প্রায় ২৫ টাকা বেড়েছে অটোর এলপিজির দাম। জ্বালানির এই লাগামছাড়া বৃদ্ধির জেরে অটোচালকদের উপর চাপ আরও বাড়ছে। অনেক চালকের দাবি, এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ালে চলা প্রায় অসম্ভব।

ইতিমধ্যেই শহরের একাধিক রুটে অটোভাড়া বাড়ানো হয়েছে। যেসব রুটে এখনও ভাড়া অপরিবর্তিত রয়েছে, সেখানেও ভাড়া বৃদ্ধির দাবি তুলতে শুরু করেছেন চালকরা।
জ্বালানির দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক পরিস্থিতিকেই দায়ী করছেন সংশ্লিষ্ট মহল। গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহে টান পড়েছে। তার প্রভাব পড়েছে ভারতের বাজারেও। অটোর এলপিজি থেকে শুরু করে রান্নার গ্যাস—সব ক্ষেত্রেই জোগানের সমস্যা দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে।
যুদ্ধ পরিস্থিতির পর প্রথমবার অটোর গ্যাসের দাম বাড়ে ১১ মার্চ।
সে সময় প্রতি লিটার গ্যাসের দাম ৫ টাকা বাড়িয়ে ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে ৬২ টাকা ৬৮ পয়সা করা হয়। এরপর ৩১ মার্চ আবার দাম বাড়ে ৭ টাকা ৩২ পয়সা। তখন লিটারপ্রতি দাম দাঁড়ায় ৭০ টাকা। বুধবার নতুন করে ১২ টাকা ২৮ পয়সা বৃদ্ধির ফলে দাম পৌঁছে যায় ৮০ টাকা ৯৬ পয়সায়। অটোচালকদের একাংশের বক্তব্য, জ্বালানির দাম বেড়ে গেলেও সব সময় ভাড়া বাড়ানো যায় না। ফলে আয় ও খরচের সমীকরণ মেলানো কঠিন হয়ে পড়ছে। সংসার চালানো নিয়েই দুশ্চিন্তা বাড়ছে তাঁদের।

এদিকে, বাণিজ্যিক রান্নার গ্যাসের দামেও বড়সড় বৃদ্ধি হয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২১৮ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে নতুন করে এই সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,২০৮ টাকা। বুধবার থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে। তথ্য অনুযায়ী, চলতি বছর শুরুর পর থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার ধারা অব্যাহত। ১ জানুয়ারি ২০২৬-এ প্রথমে ১১১ টাকা দাম বাড়ে। এরপর ১ ফেব্রুয়ারিতে আরও ৪৯ টাকা বৃদ্ধি করা হয়। মার্চের শুরুতে আবার ৩১ টাকা দাম বাড়ানো হয়। সেই ধারাবাহিকতার মধ্যেই এপ্রিলের শুরুতে ফের বড়সড় বৃদ্ধি হল বাণিজ্যিক সিলিন্ডারের দামে।