পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক ক্ষেত্রে বদলের উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন দফতরে শৃঙ্খলা ও প্রশাসনিক গতি ফেরাতে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। এবার শব্দদূষণ নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিলেন তিনি। ধর্মীয় স্থান কিংবা অনুষ্ঠান কোথাও নির্ধারিত সীমার বাইরে মাইক বাজানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নিয়ম ভাঙলে পুলিশকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।আরও পড়ুন:
বৃহস্পতিবার নবান্নে রাজ্যের পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, সাধারণ মানুষের অসুবিধা তৈরি করে এমন শব্দদূষণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বিশেষ করে আবাসিক এলাকার ধর্মীয় স্থানগুলিতে উচ্চস্বরে মাইক বাজানোর প্রবণতার বিরুদ্ধে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ আদালতের নির্দেশিকা অনুযায়ী, আবাসিক এলাকায় নির্দিষ্ট সীমার বেশি শব্দ করা যায় না। সাধারণ বসতি এলাকায় সর্বোচ্চ ৫৫ ডেসিবেল পর্যন্ত মাইকের আওয়াজের অনুমতি রয়েছে। শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকায় এই সীমা তুলনামূলক বেশি হলেও ধর্মীয় স্থান অধিকাংশ ক্ষেত্রেই আবাসিক এলাকার মধ্যে পড়ে। সেই কারণে সেখানেও একই নিয়ম কার্যকর থাকবে।আরও পড়ুন:
এতদিন বিশেষ উৎসব বা অনুষ্ঠানের সময় কিছু ক্ষেত্রে ৬৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দেওয়া হলেও, বর্তমান সরকার সেই নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করতে চাইছে। প্রশাসনের বক্তব্য, নির্ধারিত সীমা অতিক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং কোনও ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না।রাজ্যের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, বহু ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক বাজানো হয়। এর ফলে অসুস্থ মানুষ, পড়ুয়া ও প্রবীণদের সমস্যা বাড়ছিল। নতুন সরকার সেই অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটছে। মুখ্যমন্ত্রী পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোথাও নিয়ম ভাঙা হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন তিনি।