গুয়াহাটি, ৪ এপ্রিল: নির্বাচনের প্রাক্কালে বাংলাভাষী হিন্দুদের নিয়ে ভিন্ন সুর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বাংলাভাষী হিন্দুদের জন্য 'ডি ভোটার' বা সন্দেহজনক নাগরিকত্ব সমস্যার সমাধান করার আশ্বাস দিলেন তিনি। হিমন্তের কথায়, 'আমি আগে কখনও এই দাবি করিনি, তবে এখন আমি এটি বলতে পারি, কারণ সমস্ত প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, ডি ভোটারসহ বাঙালি হিন্দুদের সব সমস্যার সমাধান হবে আগামী ছয় মাসের মধ্যে।

'

অসম রাজ্যে ৯৬ হাজারেরও বেশি মানুষকে 'সন্দেহজনক' ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১ লক্ষ ৫৯ হাজারেরও বেশি মানুষকে 'বিদেশি' বলে ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে ৯৬,৯৮৭ জন ডি ভোটার রয়েছেন। উল্লেখ্য, ২০১৪ সালের সাধারণ নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাক উপত্যকা সফর করেছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় এলে কোনও প্রকৃত ভারতীয়কে ডি-ভোটার ইস্যুর কারণে ভুগতে হবে না।

শিলচরে এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 'অসমের বরাক উপত্যকার জনসংখ্যা প্রায় ৪৫ লক্ষ। জনসংখ্যার একটি বড় অংশ বাংলাভাষী। তাদের সরকার মণিপুরীর মতো ভাষাগত সম্প্রদায়ের অধিকার রক্ষায় কাজ করেছে এবং তারা বাংলা ভাষাকেও সম্মান করে।' তিনি আরও বলেন, 'বাংলা ভাষার একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং আমরা বাঙালি সংস্কৃতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বাঙালি হিন্দুদের সব সমস্যার সমাধান হবে।