পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ নিয়ে বিজেপির বিক্ষোভ প্রতিবাদে পুলিশকে  ধাক্কা ও হেনস্তা করার অভিযোগ উঠল।  উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের চৈতল গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ,  পুলিশকে  হেনস্থা

রাজ্যের মহিলা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার ও বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিবেক সরকারের নেতৃত্বে নেতাকর্মী ও সমর্থকরা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত দুর্নীতির অভিযোগ তুলে হাতে প্লাকার্ড, ফেস্টুন নিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রতিবাদ দেখায়।

সেই সময় ইউনিফর্ম পরা কর্তব্যরত মিনাখাঁ থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গেলে তাদের একদিকে ধাক্কা অন্যদিকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে চৈতলগ্রাম পঞ্চায়েত অফিসের সামনে।