মুম্বাই, ৪ মার্চ: দোরগড়ায় লোকসভা ভোট। চলতি মাসের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা। তার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। ১৯৫ জনের তালিকা থেকে বাদ পড়েছে বহু চেনা-পরিচিত মুখ। ব্যতিক্রম নন নীতিন গড়করি।
শনিবার বিজেপি লোকসভা ভোটের যে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে, তাতে তাঁর নাম নেই। রবিবার গড়করিকে ফের একবার সেই কথা স্মরণ করিয়ে দিলেন উদ্ধব ঠাকরে। এদিন একটি সভায় উদ্ধব জানান, মোদি-শাহের নাম এইতো সেদিন থেকেই শোনা যাচ্ছে। আমরা বিজেপি নেতা বলতে প্রমোদ মহাজন এবং গোপীনাথ মুণ্ডের ও গড়করিকেই জানতাম। সেই গড়করিই আজ দলে গুরুত্ব হারাচ্ছে। বরাবরই দলের স্বার্থে জান লড়িয়ে দিয়েছেন তিনি। অথচ প্রথম তালিকায় ১৯৫ জনের নাম রইল, কিন্তু নীতিন বাদ। গড়কড়ি নাগপুর থেকে গত ২ বারের সাংসদ। আমাদের রাজনৈতিক মতাদর্শ এক নয়। মতের ফারাক থাকতেই পারে। তবে তাঁর মতো একজন হেভিওয়েট নেতার সঙ্গে অবিচার করছে বিজেপি।আরও পড়ুন:
শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে বলেন, কেন্দ্রে সরকার বহু সময় ঠিক হয় মহারাষ্ট্র থেকে। তাই কেন্দ্রীয় রাজনীতিতে বরাবরই মহারাষ্ট্রের দাপট রয়েছে। গত লোকসভা নির্বাচনে শিবসেনা-বিজেপি জোট ৪২ টি আসন দখল করেছিল। যা কেন্দ্রে এনডিএ-সরকারকে বাড়তি অক্সিজেন জুগিয়ে ছিল। মহারাষ্ট্রের জয় এনডিএকে ২৫০ আসন অতিক্রম করতে সহায়তা করেছিল। যতই ‘আব কি বার-৪০০ পার বুলি আওড়াক ওরা, আব কি বার ‘তড়িপার’ হবে বিজেপি বলেই তোপ দাগেন উদ্ধব।