পুবের কলম, ওয়েব ডেস্কঃ পুনেতে ইন্দ্রায়ণী নদীর উপর নির্মিত একটি সেতু ভেঙে পড়ার ঘটনায় ছয়জন পর্যটক ডুবে গেছেন। আরও বেশ কয়েকজন ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে পুলিশ নিশ্চিত করেছে যে একজন মারা গেছেন, এবং যারা জলে পড়ে গেছে তাদের উদ্ধার করার জন্য উদ্ধার অভিযান চলছে।নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রায় ২৫-৩০ জনের।

দুর্ঘটনাটি ঘটেছে পুনের জনপ্রিয় পর্যটন স্পট কুন্দমালে।

রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে, রবিবার ছুটির দিন থাকায় বহু মানুষ ওখানে জড়ো হয়েছিলেন। জানা গিয়েছে, পুরনো সেতুর উপর দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন পর্যটক৷ তখন আচমকাই সেতুটি ভেঙে পড়ে৷ অনেকে নীচে বয়ে চলা নদীতে পড়ে যান। সর্বভারতীয় এক ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এই সংবাদ জানা গেছে।

মাভালের বিধায়ক সুনীল শেলকে বলেন, ইন্দ্রায়ণী নদীর উপর লোহার সেতুটি ৩০ বছরের পুরনো।

সেতুতে প্রায় ১০০ জন মানুষ ছিলেন। কয়েকজন পড়ে যান। তবে কয়েকজন তীরে আসতে পেরেছেন বলে জানা গিয়েছে।

তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করা হয় এবং পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশ কমিশনারেটের অধীনে থাকা তালেগাঁও দাভাদে থানার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দুটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে সূত্রের খবর, লোহার তৈরি সেতু ভেঙে পড়ে যায় নদীতে। সেই সেতুর উপরে অনেকে ছিলেন। সেতু ভেঙে পড়ার পরে পর্যটকদের অনেকে পড়ে যায় নদীতে। অন্তত ৩০জন নদীতে তলিয়ে যান বলে খবর। সব মিলিয়ে একেবারে ভয়াবহ পরিস্থিতি। দ্রুত উদ্ধারকাজ চলছে।