পুবের কলম,ওয়েবডেস্ক: চাঁদের আরও কাছে ‘চন্দ্রযান ৩’।  শনিবার গভীর  রাতে সে তার দ্বিতীয় ডিবুস্টিং অপারেশন সম্পন্ন করেছে। চাঁদ থেকে আর মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে চন্দ্রযান ৩। ডিবুস্টিংয়ের পরে বিক্রম ল্যান্ডার চাঁদের উপরে কক্ষপথে চলে এসেছে৷ শুক্রবার প্রথম ডিবুস্টিং অপারেশন করেছিল ইসরো৷ শনিবার গভীর রাতে দ্বিতীয় ডিবুস্টিং সফল হয়েছে৷ অপেক্ষার আর কয়েকদিন মাত্র।
তারপরই ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে ভারত।

ঘটনাপ্রসঙ্গে ইসরো জানিয়েছে, ইন্টারনাল চেকিং সেরে এবার চাঁদের মাটিতে পা রাখার চেষ্টা করবে ল্যান্ডার বিক্রম। সব ঠিক থাকলে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করবে সে। আগামী বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ চাঁদে সফট ল্যান্ডিং করবে ল্যান্ডার বিক্রম আর তার মধ্যে থাকা রোভার প্রজ্ঞান।