পুবের কলম, কলকাতা: লোকসভা নির্বাচনের মুখে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে জটিলতা কাটাতে এবার সরাসরি বিচার ব্যবস্থার দ্বারস্থ হলো শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের ৯ জন প্রার্থীর নাম এখনও ‘বিবেচনাধীন’ (Under Consideration) তালিকায় থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেল মারফত তিন পাতার দীর্ঘ চিঠি পাঠালেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
তৃণমূলের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও এই প্রার্থী ও কর্মীদের নাম সংক্রান্ত বিষয়গুলি অমীমাংসিত ফেলে রাখা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর চিঠিতে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত জরুরি এবং প্রার্থীরা যাতে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য আদালতের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
সূত্রের খবর, যে ৯টি কেন্দ্রের প্রার্থীদের নিয়ে এই জটিলতা তৈরি হয়েছে, তার মধ্যে রয়েছে: উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, মালদহের মোথাবাড়ি, মুর্শিদাবাদের সমশেরগঞ্জ, লালগোলা ও নওদা, হুগলির চণ্ডীতলা ও উত্তরপাড়া এবং উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। এই কেন্দ্রগুলিতে তৃণমূল প্রার্থীদের নাম তালিকায় ‘বিবেচনাধীন’ থাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা একে প্রশাসনিক প্রক্রিয়া বললেও, তৃণমূল একে পরিকল্পিত চক্রান্ত হিসেবেই দেখছে।