পুবের কলম, ওয়েবডেস্ক: পিএইচডি-র ভর্তিতে বদল আনল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। পিএইচডিতে ভর্তির জন্য আর প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে না। নেট পাশ করলেই সরাসরি পিএইচডি-র জন্য আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানাল ইউজিসি। বৃহস্পতিবার নতুন শিক্ষানীতি অনুযায়ী এমনই নিয়ম জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেট পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-তে ভর্তি হওয়া যাবে।

প্রসঙ্গত, নেট পাশের পর পিএইচডিতে ভর্তির জন্য অনেক বিশ্ববিদ্যালয়ই প্রবেশিকা পরীক্ষা নিত। ইউজিসি-র নতুন নিয়মে আর কোনও প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে না। বছরে দু'বার নেট পরীক্ষা হয়।

সাধারণত, নেট পরীক্ষার ফলের ভিত্তিতে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং সহকারি অধ্যাপক নিয়োগ করা হয়। এবার থেকে নেটের নম্বরের ভিত্তিতে সরাসরি পিএইচডি-র জন্য আবেদন করা যাবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর হবে।