China's new policy to increase the birth rate
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ এখন থেকে গর্ভপাতকে নিরুৎসাহিত করবে চিন। জন্মহার বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসাবে দীর্ঘমেয়াদে চিকিৎসা সহজলভ্য করবে দেশটি। বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা অনুসারে- কর, শিক্ষাবীমা এবং আবাসন ব্যবস্থার উন্নয়ন করা হবে।
এছাড়া স্থানীয় সরকারগুলোকে শিশুদের যত্ন পরিষেবা এবং পরিবার বান্ধব প্রকল্পগুলির সম্প্রসারণে উৎসাহিত করা হবে৷ চিন সরকার জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ এবং চিকিৎসাগতভাবে প্রয়োজনীয় নয় এমন গর্ভপাত হ্রাসে তারা জনসচেতনতা বাড়াতে প্রচার চালাবে। ২০২১ সালে চিনে নারী প্রতি সন্তান জন্মদানের হার ছিল ১ দশমিক ৬৯। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডি-র হিসেবে, একটি স্থিতিশীল জনসংখ্যার জন্য এই হার ২ দশমিক ১ হওয়া উচিত। সেই হিসেবে চিনে জন্মহার অনেক কম। জনসংখ্যাবিদরা বলছেন, করোনার প্রাদুর্ভাব রোধে চিনের আপোষহীন ‘শূন্য-কোভিড’ নীতি নাগরিকদের সন্তান ধারণের ইচ্ছা আরও হ্রাস করতে পারে। ১৪০ কোটি মানুষের দেশ চিনে চলতি বছর জন্মহার রেকর্ড পরিমাণ কমতে চলেছে। দেশটিতে গত বছর ১ কোটি ৬০ লক্ষ শিশুর জন্ম হয়েছে। ২০২০ সালের তুলনায় এই সংখ্যা ১১ দশমিক ৫ শতাংশ কম। চলতি বছর এই সংখ্যা আরও কমে ১ কোটির নিচে নামতে পারে।