পুবের কলম প্রতিবেদক: বঙ্গোপসাগর থেকে ফের আসতে চলেছে ঘূর্ণিঝড়। ভারতের আবহাওয়া দফতরের তরফে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণিঝড় ঘনীভূত হতে পারে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব পড়তে পারে ভারত, বাংলাদেশ ও মায়ানমারের উপকুলে।
এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে মিগজাউম। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে, ২৬ নভেম্বর সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তারপর, ২৭ নভেম্বর এটি একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।আরও পড়ুন:
কেন্দ্রীয় আবহাওয়া দফতর ও ইন্ডিয়ান মেটরোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে বলা হয়েছে বুধবার, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তবে, বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া মডেলের মাধ্যমে বলা হয়েছে, এটি পরিণত হতে পারে একটি মারাত্মক ঘূর্ণিঝড়ে৷ আর সেই কারণেই চিন্তা বাড়ছে৷ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের পক্ষ থেকে বলা হয়েছে, এটি ২৮ নভেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে সরবে। তারপর উত্তর-পশ্চিম দিক থেকে এটি ধীরে ধীরে সরবে বাংলাদেশ উপকূলের দিকে৷
আরও পড়ুন:
আবার ইউরোপিয়ান সেন্টার বলেছে, এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরবে৷ এরপর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে৷ ফলে, কোথায় এই ঝড়টি শেষ পর্যন্ত আছড়ে পড়বে, তা এখনও নিশ্চিত নয়৷ আইএমডি-এর পক্ষ থেকেও নির্দিষ্ট করে এখনও কিছু জানানো হয়নি।