পুবের কলম প্রতিবেদক: ইন্তেকাল করলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ও আরবি ভাষা সাহিত্যের দিকপাল বদিউর রহমান (ইন্নালিল্লাহে...)। তিনি মঙ্গলবার সকালে নিজ সল্টলেকের বাড়িতে ইন্তেকাল করেন। এ দিন আসর নামাযের পর বহু বিশিষ্টজনের উপস্থিতিতে তাঁর জানাযা হয় এবং গোবরা-১ কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। জানা গিয়েছে, এ মাসের ৯ তারিখে অধ্যাপক বদিউর রহমান অসুস্থ হলে তাঁকে আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালে চিকিৎসার পর সোমবারেই তিনি ছাড়া পান। পরে মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন।আরও পড়ুন:
প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি এবং ফারসি সাহিত্যের প্রাক্তন বিভাগীয় প্রধান এই অধ্যাপক একটি সুপরিচিত নাম। তিনি তাঁর ছাত্রদের কাছে ‘বিআর স্যার’ নামে সামধিক পরিচিত।
আরও পড়ুন:
খ্যাতনামা এই অধ্যাপক ১৯৮৩ সাল থেকে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। ২০১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তারপর আলিয়া বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের ভিজিটিং ফ্যাকাল্টি রূপে কর্মরত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার, সেনেট মেম্বার, আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল-সহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি বড় বড় দায়িত্ব পালন করেছেন।
ভারত ছাড়াও বিদেশের মাটিতেও তাঁর বহু গুণগ্রাহী এবং ছাত্রছাত্রী রয়েছে। তিনি আরবি ভাষা এবং সাহিত্য বিষয়ক বেশ কয়েকটি মূল্যবান গ্রন্থ রচনা করেন। তার মধ্যে ইংরেজি ভাষায় রচিত ‘হিস্ট্রি অফ আরাবিক লিটারেচার’ এবং ‘এসেজ অন ত্বহা হুসাইন’ বিশেষভাবে উল্লেখযোগ্য। আরব দুনিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সাহিত্য নিয়ে কাজের জন্য অধ্যাপক বদিউর রহমান অনন্য গবেষক। আরবি, বাংলা এবং ইংরেজি, এই তিন ভাষাতেই তাঁর অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ, গল্প কবিতা ও রম্যরচনা দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর মৃত্যুতে শিক্ষক ও ছাত্রমহলে শোক দেখা দিয়েছে। তাঁর অসংখ্য প্রিয় ছাত্রদের মধ্যে অধ্যাপক আবদুল মাতিন, শিক্ষক রেজাউল্লাহ, মাসুদ করীম, সাজিদুর রহমানরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।