পুবের কলম,ওয়েবডেস্ক: মাসের পর মাস ধর্ষণে অন্তঃসত্ত্বা  নাবালিকা। কাঠগড়ায় নারী ও শিশু উন্নয়নের এক আধিকারিক। ঘটনাটি ঘটেছে দেশের রাজধানী দিল্লিতে। নাবালিকার অভিযোগের ভিত্ততে আধিকারিক ও তার স্ত্রী’র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে পকসো আইনে মামলা করেছে পুলিশ।
ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

পুলিশ সূত্রে খবর, বর্তমানে দ্বাদশ শ্রেণির পড়ুয়া ওই নির্যাতিতা। ২০২০ সালে বাবার মৃত্যুর পর থেকে ওই ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন তিনি। নাবালিকার বাবা ও  দিল্লির মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের ওই আধিকারিক দুই বন্ধু ছিলেন।
বন্ধুর মৃত্যুর পর তাঁর নাবালিকা মেয়েকে নিজের ঘরে আশ্রয় দেয় সে। অভিযোগ, বাড়িতে আনার পর থেকেই একাধিকবার ওই নাবালিকার ওপর শারীরিক নির্যাতন করেছে ওই ব্যক্তি। একটা পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নাবালিকা। শেষে ভয় পেয়ে যায় অভিযুক্ত।
স্ত্রী’কে সবটাই খুলে বলেন। যার পর নির্যাতিতাকে জোর করে গর্ভনিরোধক ওষুধ খাওয়ান আধিকারিকের স্ত্রী। দিনের পর দিন ধরে ধর্ষণের ফলে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই নাবালিকা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। তার বয়ান নথিবদ্ধ করবে দিল্লি পুলিশ।  এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর।