পুবের কলম, ওয়েবডেস্ক: গভীর রাতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটল মহারাষ্ট্রে। গ্লাভস কারখানায় আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন শ্রমিকের। ঘটনার সময় শ্রমিকেরা ওই কারখানার ভিতর ঘুমোচ্ছিলেন। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। শীতের রাতে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ২.১৫ নাগাদ তাদের কাছে ফোন আসে। তড়িঘড়ি ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। খবর পেয়ে আসে দমকল। দমকলে আধিকারিক মোহন মুঙ্গশে জানিয়েছেন, রাতে তাদের আছে একটি ফোন আসে। সেই মতো তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় মানুষ জানায় ৬ জন মানুষ ভিতরে আটকে পড়েছে।

পরে তাদের দেহ উদ্ধার করা হয়। রাতভর আগুন নেভানোর কাজ চলে। শেষ অবধি রবিবার ভোরে আগুন নেভানো সম্ভব হয়। বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।