পুবের কলম ওয়েবডেস্কঃ বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনিত ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। এবার বিতর্কের ঘূর্ণিতে জড়াল ছবিটি। দিন কয়েক আগেই এই ছবি নিয়ে কড়া সমালোচনা করেছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি এই ছবিকে বিজেপির নির্লজ্জ প্রোপাগান্ডা বলে তীব্র কটাক্ষ করেছিলেন। এবার আইনি জটিলতায় জড়িয়ে পড়ল ধুরন্ধর: দ্য রিভেঞ্জ।

তামিলনাড়ুতে নির্বাচনকে সামনে রেখে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী।

২০২৫ সালের ডিসেম্বরে প্রথম কিস্তি মুক্তির পর থেকেই ‘প্রোপাগান্ডা’ তকমা ঘিরে বিতর্ক শুরু হয়েছিল পরিচালক আদিত্য ধর-এর এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে। দ্বিতীয় পর্ব মুক্তির পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। ওই আইনজীবী মামলায় দাবি করেছেন,  ছবিতে একতরফাভাবে একটি রাজনৈতিক দলের মতাদর্শ তুলে ধরা হয়েছে, যা ভোটের আগে জনমনে প্রভাব ফেলতে পারে। বিষয়টি শুনে বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী এবং বিচারপতি জি অরুল মুরুগানের ডিভিশন বেঞ্চ লিখিত আকারে অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দেয়।

উল্লেখ্য, ১৯ মার্চ মুক্তি পায় ধুরন্ধর: দ্য রিভেঞ্জ ছবিটি। মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মাত্র পাঁচদিনে বিশ্বজুড়ে ৭০০ কোটির গন্ডি পার করেছে ছবিটি, যা কার্যত রেকর্ড গড়েছে। বিশেষজ্ঞরা বলিউডের জন্য এই সাফল্যকে বড় প্রত্যাবর্তন হিসেবেই দেখা হচ্ছে। কারণ এতদিন দাপট ছিল দক্ষিণি সিনেমার। তবে বাণিজ্যিক সাফল্যের ছবিটি আইনি চ্যালেঞ্জে পড়েছে। জানা যাচ্ছে, মামলাটি দায়ের হয়েছে মাদ্রাজ হাইকোর্টে।