পুবের কলম প্রতিবেদক: আজ থেকে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। মূলত দুই ধাপে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ অর্থাৎ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপ ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
নবান্নে সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানিয়ে দিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দুয়ারে সরকারের ক্যাম্প থেকে প্রত্যেকবারের মতো এবারও ৩৫টি সরকারি পরিষেবা পাওয়া যাবে। তবে এবার দুয়ারে সরকারের তাৎপর্য দুটি, এবারই প্রথম এই ক্যাম্প থেকে সরাসরি পরিযায়ী শ্রমিকরা তাদের ঠিকানাসহ নাম নথিভুক্ত করতে পারবে।আরও পড়ুন:
একইসঙ্গে এবার থেকে ৬০ পেরোলেই প্রবীণ মানুষেরা পেনশনের আওতায় আসবেন। আগে এসসি ও এসটির ক্ষেত্রে জয় জহর এবং তপশিলি বন্ধু স্কিমের আওতায় ১০০ শতাংশ মানুষকে পেনশনের আওতায় আনা হয়েছিল।
তবে প্রবীণ মানুষদের জন্য চালু হওয়া পেনশন ১০০শতাংশ এতদিন পর্যন্ত ছিল না। এবার ৬০ পেরোলেই সকলেই বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে এর জন্য আবেদন গ্রহণ করা হবে।আরও পড়ুন:
যারা এই স্কিমের জন্য আবেদন করবেন তাদের এই সুবিধা দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন মুখ্য সচিব। এদিন মুখ্য সচিব জানিয়েছেন এবার দুয়ারে সরকার ক্যাম্পে যেখানে সাধারণ মানুষকে অনেক দূরে যেতে হয় এই পরিষেবা পাওয়ার জন্য সেখানে মোবাইল পরিষেবা চালু করা হচ্ছে।
যাতে এই দুয়ারে সরকার ক্যাম্প সরাসরি ওই সমস্ত প্রত্যন্ত এলাকাতেই উপস্থিত হবে যাতে সাধারণ মানুষ এই ক্যাম্পগুলি থেকে সুবিধা গ্রহণ করতে পারে।আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর মাসে এই দুয়ারে সরকার শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে দুয়ারে সরকারের সপ্তম বর্ষ অনুষ্ঠিত হতে চলেছে আজ থেকে। মুখ্য সচিবের ভাষায়, এই মুহূর্তে সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতবর্ষের সবচেয়ে সফল কার্যক্রম এটি। এত বড় সফল কার্যক্রম যার মাধ্যমে সরাসরি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয় তেমনটা আর নেই। তিনি বলেন এখনো পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাত কোটি কুড়ি লক্ষ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। ডিসেম্বর ২০২০-র পর থেকে এখনো পর্যন্ত রাজ্যে প্রায় পাঁচ লক্ষ ক্যাম্প আয়োজন করা গিয়েছে।