পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার বিধবংসী ভূমিকম্পে কেঁপে উঠে তাইওয়ান। এখনও জোর তৎপরতায় চলছে উদ্ধারের কাজ। শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম ৭৩০। প্রায় ১ ডজনের বেশি বাড়ি ধসে পড়েছে।
ভেঙে পড়া টানেলের মধ্যে বা পাহাড়ি রাস্তায় বহু মানুষ এখনও আটকে রয়েছেন। বৃহস্পতিবারও তাইওয়ানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের খবর অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের আঠারো কিলোমিটার দূরে। স্থানীয় সময় বুধবার সকাল ৭ টা ৫৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর চার বা এর চেয়ে বেশি মাত্রার অন্তত নয়টি আফটারশকের কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। সিনচু ও তাইওয়ানের দক্ষিণাঞ্চলে তাদের কয়েকটি কারখানা নিরাপত্তাজনিত কারণে খালি করা হয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, ১৯৯৯ সালের সেপ্টেম্বরে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। তখন দুই হাজার চারশো মানুষের মৃত্যু হয়েছিল। ধ্বংস হয়েছিল পাঁচ হাজারের মতো ভবন। এদিকে, এই ভূমিকম্পের পর জাপানসহ প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।