বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কয়লা পাচার মামলায় ভোটকুশলী সংস্থা আইপ্যাক এর অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। দিল্লিতে এই গ্রেপ্তারির ঘটনা ঘটে।
জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখে চান্ডেলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।

এরপর সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী সংস্থার অভিযোগ, বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অর্থ পাচার প্রতিরোধ আইনে তাঁকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে এবং মঙ্গলবার আদালতে তোলা হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে কয়লা পাচার মামলার তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই।

সেই মামলাতেই এই গ্রেপ্তারিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে, আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিমকোর্টে। তার ঠিক আগে এই গ্রেপ্তারি হওয়ায় তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।

প্রসঙ্গত, এর আগে সংস্থার আরও দুই ডিরেক্টর প্রতীক জৈন ও ঋষি রায় সিংকে তলব করেছিল ইডি।

তবে আসন্ন নির্বাচনের কারণে তাঁরা ভোটের পর হাজিরার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন।
ইডির দাবি, বাংলায় কয়লা পাচার চক্রে প্রায় ২০ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে লেনদেন হয়েছে। এই মামলায় এর আগেও আইপ্যাকের দফতরে অভিযান চালানো হয়, যা ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছিল।
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচনের আগে ইডি রাজনৈতিক উদ্দেশ্যেই পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে ইডির দাবি, তদন্তে বাধা দেওয়া ও প্রমাণ নষ্ট করার অভিযোগও রয়েছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।