পুবের কলম ওয়েবডেস্কঃ আফ্রিকার দেশ ইথিওপিয়ায় আগামী ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। টাইগ্রের বিদ্রোহীরা আমহারা  অঞ্চলের দুটি এলাকা দখল করার পর রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হতে পারে এমন শঙ্কায় এই ঘোষণা  করেছে দেশটির সরকার। জরুরি অবস্থার ফলে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল ও পণ্য পরিবহণ কার্যত অচল হয়ে পড়েছে। সামরিক বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে– সেসব এলাকায় কারফিউ জারি রয়েছে। ঘর থেকে বের হলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে নাগরিকরা।

সন্ত্রাসীদের সঙ্গে কারও সম্পৃক্ততার সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে।

ইথিওপিয়া সরকার এক ঘোষণায় জরুরি অবস্থা জারির কারণ হিসেবে জানিয়েছে– সন্ত্রাসী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) দলের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা সরকারের দায়িত্ব। উল্লেখ্য– উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলের বিদ্রোহীদের সঙ্গে গত এক বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে ইথিওপিয়ার সরকারি বাহিনী। এদিকে দেশটির বিচারমন্ত্রী রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া ভাষণে বলেছেন– ’আমরা আমাদের সার্বভৌমত্ব ও একতা নিয়ে এক বিপদের মধ্যে পড়েছি। আমরা সাধারণ ভাবে পরিস্থিতি সামলাতে পারছি না।

’ তিনি আরও বলেন– জরুরি অবস্থা কেউ ভাঙলে বা সন্ত্রাসীদের আর্থিক– মানসিক বা অন্য সহায়তা করলে তার ৩ থেকে ১০ বছরের জেল হবে। সূত্রের খবর–  সরকারি সৈন্যরা এখন আদ্দিস আবাবা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের দুটি প্রধান শহরের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে। উত্তর ইথিওপিয়ার বেশির ভাগ অংশে এখন ব্ল্যাকআউট চলছে। পাশাপাশি সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমাবদ্ধ করা হয়েছে। ফলে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবাদমান পক্ষগুলোর দাবি প্রমাণ করা কঠিন হয়ে যাচ্ছে।