পুবের কলম ওয়েবডেস্কঃ রানিগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে বিরাট প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ এই অঞ্চল ধসপ্রবণ এলাকা হিসেবে বহুদিন ধরেই চিহ্নিত । সেই বাস্তবতাকে সামনে রেখেই শনিবার নির্বাচনী প্রচারে গিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মমতা। তাঁর বক্তব্য, ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে বাসিন্দারা সরে এলে সরকার তাদের জন্য আর্থিক সহায়তা ও আবাসনের ব্যবস্থা করবে।সভামঞ্চ থেকে তিনি জানান, ইতিমধ্যেই প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে ৬ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে এবং আরও ৪ হাজার ফ্ল্যাট তৈরির কাজ চলছে।

তাঁর আবেদন, মানুষ যেন নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পুনর্বাসনের সিদ্ধান্ত নেন। তিনি স্পষ্ট করে বলেন, কেউ ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলে সরকার তাদের দুটি করে ফ্ল্যাট দেবে। পাশাপাশি স্থানান্তরের জন্য প্রায় ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তাও দেওয়া হবে, প্রয়োজনে সেই খরচ আরও বাড়ানো হতে পারে।

মানুষের জীবনকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনওভাবেই যেন বিপদের ঝুঁকি নিয়ে সেখানে বসবাস না করা হয়। সম্ভাব্য ধসের ফলে বড়সড় বিপর্যয়ের আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

তবে জোর করে নয়, সম্পূর্ণ অনুরোধের সুরেই বাসিন্দাদের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। উল্লেখ্য, রানিগঞ্জ-আসানসোল শিল্পাঞ্চলে মাঝেমধ্যেই রাস্তা বা খনি এলাকায় ধস নামার ঘটনা সামনে আসে। এই পরিস্থিতিতে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ও আন্দোলনও নিয়মিত। অতীতেও এই অঞ্চল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এবং পুনর্বাসনের জন্য কেন্দ্রের তরফে আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগ তুলেছিলেন। এবার সরাসরি সেই এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের রূপরেখা স্পষ্ট করলেন তিনি।