পুবের কলম, ওয়েবডেস্ক: চার মাসের বেশি সময় ধরে ইসরাইলের কারাগারে বন্দি ছিলেন ফিলিস্তিনি চিকিৎসক আদনান আল-বুর্শ (৫০)। শনিবার তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। গাজার আল-শিফা হাসপাতালের অর্থোপ্যাডিক্সের প্রধান ছিলেন তিনি। এক সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে উত্তর গাজার আল-আওদা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়ার সময় ইসরাইলি বাহিনী তাকে আটক করে নিয়ে যায়। দীর্ঘ চার মাসের বেচি সময় ধরে ইসরাইলের কারাগারে বন্দি ছিলেন তিনি।
অবশেষে শনিবার ফিলিস্তিনি চিকিৎসকের মৃত্যুর খবর জানা গিয়েছে। তবে ঠিক কি কারণে মৃত্যু, তা এখনও জানা যায়নি।আরও পড়ুন:
এদিকে, ইসরাইলি প্রশাসনও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইসরাইলের ওফার কারাগারে মারা যান ডা. আল-বুর্শ বলে জানিয়েছে ইসরাইলের জেল কর্তৃপক্ষ। ফিলিস্তিনি এই চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা।
তাদের বক্তব্য, গাজার এই কঠিনতম সময়ে তিনি বীরত্ব এবং ভালোবাসা দিয়ে মানুষের সেবা করে গেছেন। তাদের জন্য এই মৃত্যু মেনে নেয়া কঠিন। ডা. আদনানের সহকর্মী চিকিৎসক মাতার বলেন, ‘আল-বুর্শের মতো ভালো চিকিৎসক খুব কম। তিনি তার কাজের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন।'আরও পড়ুন:
অন্যদিকে, গাজায় মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ বলেন, ডা. আল-বুর্শের মৃত্যুর খবরে আমরা ‘অত্যন্ত উদ্বিগ্ন’। ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মহলের পদক্ষেপ দাবি করেছেন তিনি।