পুবের কলম,ওয়েবডেস্ক:হিমাচল এখন মৃত্যুপুরী। টানা বৃষ্টি, ধস ও হড়পা বানের জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১।আহত ও নিখোঁজ বহু।যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
একাধিক জেলা জলমগ্ন।ভুমিধস ও টানা বৃষ্টির জেরে ভেঙে পড়েছে একাধিক ঘর-বাড়ি ও পীঠস্থান।ভ্রমণপ্রেমীদের অন্যতম পর্যটনকেন্দ্র কুলু, মানালি, সিমলার দুর্যোগের চিত্র দেখে শিউরে উঠেছে সমগ্র দেশ।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
লাগাতার ভারী বৃষ্টিতে সবথেকে বিপর্যস্ত হয়েছে হিমাচল প্রদেশই। বুধবার প্রশাসনের তরফে জানানো হয়, ধ্বংসস্তূপের নীচ থেকে আরও কয়েকজনের দেহ উদ্ধার করা হয়েছে। বিগত তিনদিনে কমপক্ষে ৭১ জনের মৃত্যু হয়েছে। ১৩ জন এখনও নিখোঁজ।
শনিবার রাত থেকে এখনও অবধি ৫৭টি দেহ উদ্ধার করা হয়েছে।হিমাচলের মতো ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডে। ভারী বৃষ্টির কারণে সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কও বন্ধ হয়ে গিয়েছে পিপলকোটিতে ধস নামার জন্য। এর মধ্যে বাঁধ থেকে জল ছাড়ায়, পঞ্জাবের একাধিক এলাকায় তৈরি হয়েছে প্লাবন পরিস্থিতি।