বিশেষ প্রতিবেদন: বিশ্ব উষ্ণায়নের ধাক্কায় বরফের রাজ্য আন্টার্কটিকা এখন মহাবিপদে। নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা দেখছেন, পশ্চিম আন্টার্কটিকার এক এলাকার বরফের নিচে প্রচুর পরিমাণে পানি জমা রয়েছে। এর আয়তন কয়েকশ মিটারের জলাধারের সমান। শীতল মহাদেশের হুইল্যান্স স্ট্রিমের তলায় যে পানি শনাক্ত করা হয়েছে তা দেখে বিজ্ঞানীরা মনে করছেন, মহাদেশজুড়ে অন্য কোথাও আরও এমন পানি লুকিয়ে থাকতে পারে।

নতুন এ গবেষণাটি প্রকাশ করেছে সায়েন্স জার্নাল।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এটি বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির প্রতিক্রিয়া হতে পারে। নতুন গবেষণা অনুসারে, পশ্চিম আন্টার্কটিকার গভীর পলিতে পাওয়া ভূগর্ভস্থ পানি ব্যবস্থা বা জলাধারটি একটি ভেজা স্পঞ্জের মতো। স্পঞ্জটিকে নিংড়ানো হলে প্রবাহিত হবে পানির ধারা।

হিমবাহ এবং বরফের স্রোতের গোড়ায় থাকা

এ পানি সাধারণত বরফের চলাচলকে মসৃণ করতে তৈলাক্ত বস্তুর মতো কাজ করে। গবেষণার প্রধান লেখক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান দিয়েগো স্ক্রিপস ইনস্টিটিউশনের গবেষক ক্লোই গুস্তাফসন বলেন, এর আগেও পলিতে গভীর ভূগর্ভস্থ পানি থাকার কথা অনুমান করা হয়েছে। কিন্তু কেউই পাকাপোক্ত ভাবে পানির অস্তিত্ব খুঁজে পাননি। বিজ্ঞানীদের আশঙ্কা, আন্টার্কটিকায় ৫৭ মিটার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হতে পারে।