পুবের কলম ওয়েবডেস্কঃ কানাডায় ফের ট্রুডো ম্যাজিক। সংখ্যাগরিষ্ঠতা মিলবে কিনা তা নিশ্চিত না হলেও সবথেকে বেশি আসনে যে জয়ী হতে চলেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল তার ট্রেন্ড স্পষ্ট।
কানাডার জনমত সমীক্ষা এবং বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত ছিল ক্ষমতায় ফিরছেন জাস্টিন ট্রুডো।
কানাডার নির্বাচিত প্রতিনিধিদের কক্ষ তথা হাউন্স অফ কমন্সে ৩৩৮ টি আসনের মধ্যে ১৩৯ টিতে এগিয়ে আছে শাসক দল লিবারেল। এখনও ভোটগণনা অনেকটাই বাকি আছে। তবে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন বা সিবিসি জানিয়েছে ট্রেন্ড বলছে ক্ষমতায় আসছেন ফের ট্রুডোই। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন কি তার জন্য আরও কিছুটা অপেক্ষা।
২০১৫ সালে প্রথমবার কানাডার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন ট্রুডো। এবারও সেই কুর্সিতে বসার দিকে এগিয়ে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ৪৯ বছর বয়সী পুত্র।


































