পুবের কলম, ওয়েবডেস্ক: প্রচারে গিয়ে পাথরের আঘাতে তাঁর কপাল ফাঁটল অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির। শনিবার লোকসভা নির্বাচনের প্রচারে বিজয়ওয়াড়ায় গিয়েছিলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানেই হামলার মুখে পড়েন তিনি। জানা গিয়েছে, বাসের উপরে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছিলেন, সেই সময় হঠাৎ তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথর গিয়ে তাঁর চোখের উপরে লাগে।
আঘাতে কপাল ফেঁটে যায় মুখ্যমন্ত্রীর। পাথর লাগতেই সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর রক্ত বের হতে শুরু করে। কাপড় দিয়ে চোখ ঢেকে তাঁকে বাসের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা করা হয়। মুখ্যমন্ত্রীর কপালে দুটি সেলাই দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বিজয়ওয়াড়ায় একটি স্কুলের সামনে। এদিকে, জগন্মোহনের দলের কর্মী সমর্থকদের দাবি, স্কুল বিল্ডিং থেকেই পাথর ছোড়া হয়েছিল। টিডিপি ভয় পেয়ে এমন ঘৃণ্য হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ জানায়।আরও পড়ুন:
এই ঘটনার নিন্দা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও এই হামলার নিন্দা ও সমালোচনা করেন।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা জানিয়েছে এবং মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।আরও পড়ুন:
চন্দ্রবাবু নাইডু বলেন, “জগন্মোহন রেড্ডির উপরে এই হামলার তীব্র নিন্দা করি। আমি নির্বাচন কমিশনের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের এবং অভিযুক্তের কড়া শাস্তির দাবি করছি।” এমকে স্ট্যালিনও লেখেন, “অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর উপরে পাথর ছোড়ার তীব্র নিন্দা করি। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য কখনওই হিংসার রূপ নেওয়া উচিত নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের পারস্পরিক সম্মান ও সৌজন্য তুলে ধরা উচিত। ওঁর দ্রুত সুস্থতা কামনা করি।”