একটি জাহাজ-ট্র্যাকার জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডের গোলাগুলির খবর পাওয়ার পর হরমুজ প্রণালীতে দুটি ভারতীয় জাহাজকে তাদের গতিপথ পরিবর্তন করতে হয়েছে।
ট্যাঙ্কার ট্রেকার্স .কম  জানিয়েছে, জাহাজগুলোর মধ্যে একটি ভারতীয় পতাকাবাহী সুপার ট্যাঙ্কারও রয়েছে, যেটি ২০ লাখ ব্যারেল ইরাকি তেল বহন করছে।এর আগে ব্রিটিশ সামরিক বাহিনী জানায়, গুরুত্বপূর্ণ এই জলপথে ইরান পুনরায় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর দুটি গানবোট হরমুজ প্রণালী অতিক্রমকারী একটি ট্যাংকারের ওপর গুলি বর্ষণ করে।
ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, ট্যাংকার ও এর নাবিকদল নিরাপদ রয়েছে। তবে জাহাজটি বা এর গন্তব্যস্থলের পরিচয় জানানো হয়নি।

ইরান এর আগে জানিয়েছিল, ইরানি জাহাজ চলাচল ও বন্দরের ওপর মার্কিন অবরোধের জবাবে তারা প্রণালীটিতে পুনরায় বিধিনিষেধ আরোপ করছে। সাত সপ্তাহব্যাপী এই যুদ্ধ চলাকালীন ইরান তাদের অনুমোদিত জাহাজ ছাড়া অন্য সব জাহাজকে প্রণালীটি পার হতে বাধা দিয়েছে।নৌপরিবহণ সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টাকারী বাণিজ্যিক জাহাজগুলো ইরানের নৌবাহিনীর কাছ থেকে বেতার বার্তা পেয়েছে, যেখানে তাদের যেতে দেওয়া হয়নি। একইসাথে, অন্তত দুটি জাহাজ গোলাগুলির শিকার হয়েছে বলেও জানা গেছে।
এক দিন আগে নাবিকদের জন্য একটি বিজ্ঞপ্তি পাওয়ার পর বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ প্রণালীটি অতিক্রম করার চেষ্টা করেছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যাতায়াতের অনুমতি দেওয়া হলেও তা কেবল ইরানের নিরাপদ বলে বিবেচিত পথেই সীমাবদ্ধ থাকবে।