ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে—কড়া ভাষায় এই হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারের অংশবিশেষ তাঁর সরকারি টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করা হয়েছে। আরাঘচি বলেন, “যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর হামলা চালায়, তাহলে আমরা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানব না। তবে এই অঞ্চলে তাদের সামরিক ঘাঁটিগুলিতে সরাসরি আঘাত করা হবে।
” তাঁর এই বক্তব্যে নতুন করে উত্তেজনা ছড়াল মধ্যপ্রাচ্যে। তবে একইসঙ্গে আলোচনার পথও খোলা রাখছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ওমানে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ইতিবাচক হয়েছে। এই ধারা বজায় থাকলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনায় একটি ইতিবাচক কাঠামো গড়ে ওঠা সম্ভব।আরও পড়ুন:
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “যদি আমরা এই ইতিবাচক পথে এগোতে পারি, তাহলে পারমাণবিক আলোচনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে একটি গ্রহণযোগ্য কাঠামোতে পৌঁছানো সম্ভব।
” অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনার অগ্রগতির বিষয়ে আশাবাদী। শুক্রবার ওমানে দুই দেশের পরোক্ষ বৈঠকের পর তিনি জানান, “ইরান নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে। এই আলোচনা উত্তেজনা কমাতে সাহায্য করবে।”আরও পড়ুন:
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরান মনে হচ্ছে একটি চুক্তি করতে চায়। আমরা আগামী সপ্তাহের শুরুতেই আবার বৈঠকে বসতে চলেছি।” এছাড়াও তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর ইরানের বিরুদ্ধে চালানো ‘মিডনাইট হ্যামার’ অভিযানের কথা। ট্রাম্পের কথায়, “আমার মনে হয়, তারা আর সেই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে চাইবে না।”