তেল আবিব, ৫ মে: কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরার সম্প্রচার বন্ধ করে দিল ইসরাইল। ইসারইলি যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি এক পোস্টে জানিয়েছেন, তিনি আল-জাজিরার সম্প্রচার বন্ধের আদেশে স্বাক্ষর করেছেন, যা অবিলম্বে কার্যকর হবে। এ ব্যাপারে ভোটাভুটির মাধ্যমে একমত হয়েছেন ইসারইলি মন্ত্রিসভার সদস্যরা। গাজায় হামলা চলাকালীন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত বিদেশি সম্প্রচারকদের ইসরাইলে সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে ইসরাইলের সংসদ এর আগে একটি আইন পাস করেছিল।
আরও পড়ুন:
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আল-জাজিরাকে 'উস্কানিমূলক গণমাধ্যম' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরাইলে উস্কানিমূলক কোনও চ্যানেলের স্থান নেই। ইসরাইলের এই সিদ্ধান্ত আল-জাজিরার সঙ্গে দেশটির বিবাদপূর্ণ সম্পর্কের কথা মনে করিয়ে দিল। এর ফলে গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারের সঙ্গেও নতুন করে দ্বন্দ্বে জড়াতে পারে ইসরাইল।
প্রসঙ্গত, গাজায় ইসরাইলি গণহত্যার খবর প্রথম থেকে দেখিয়ে এসেছে আল-জাজিরা। আর এ কারণেই বেশকয়েকবার ইহুদি সেনার টার্গেটে পরিণত হন আল-জাজিরার সাংবাদিক ও ক্যামেরাম্যানরা। আল-জাজিরার অনেক সাংবাদিক গাজা যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। বিশ্বের সামনে গণহত্যার সত্য উন্মোচন হয়ে যাচ্ছে এই ভয় থেকেই সাংবাদিকদের ওপর হামলা চালাতে কোনও দ্বিধা করেনি ইসরাইল। আর এবার দেশে আল-জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করল দেশটি।