বিহারের পাটনার মোকামা বিধানসভা এলাকার তাল অঞ্চলে নির্বাচনী প্রচারে গিয়ে গুলিতে নিহত হলেন জন সুরাজ পার্টির এক কর্মী। বৃহস্পতিবারের এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের নাম দুলারচাঁদ যাদব। আগামী ৬ নভেম্বর বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে উঠেছে।
প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন জন সুরাজ পার্টি এই ঘটনার জন্য সরাসরি জেডিইউ ও বিজেপিকে দায়ী করেছে। প্রশান্ত কিশোরের অভিযোগ, “বিহারে পরিবর্তনের হাওয়া বইছে, তাই ভয় পেয়েই শাসক দলগুলি হামলার পথে নামছে।” আরজেডি নেতা তেজস্বী যাদব এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, “নির্বাচনী আচরণবিধি জারি থাকা সত্ত্বেও অস্ত্র নিয়ে ঘোরা,রাজ্যের আইনশৃঙ্খলার ভয়াবহ চিত্র তুলে ধরছে।” প্রশাসনের দাবি, দুটি দলের সমর্থকদের সংঘর্ষের মধ্যেই মৃত্যু হয়েছে দুলারচাঁদের।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জন সুরাজ পার্টির প্রার্থী প্রিয়দর্শী পীযূষের সমর্থনে মিছিল চলাকালীন জেডিইউ-র মিছিলের সঙ্গে মুখোমুখি হয় দুই পক্ষ। সেই সময়ই গুলি চলে এবং দুলারচাঁদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার পর মোকামা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।