পুবের কলম, ওয়েবডেস্ক: 'প্রধানমন্ত্রী জনধন যোজনা' প্রকল্পে ব্যাপক গরমিলের অভিযোগ প্রকাশ্যে আনলেন তৃণমূল সাংসদ। দেশের নিম্নশ্রেণী ও গরিবদের জন্য জনধন যোজনা প্রকল্পের মাধ্যমে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছিলেন মোদি সরকার। এই প্রকল্পকে বড় সাফল্য বলে দাবি করে এসেছে কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পে যে বড় মাপের গরমিল রয়েছে তা স্পষ্ট হল তৃণমূল সাংসদ জহর সরকারের এক এক্স বার্তায়।

সাংসদ জওহর সরকার দাবি করেন, 'এই জনধন যোজনাও ভুলে ভরা। এতে বিরাট দুর্নীতি হয়েছে।'

তৃণমূল সাংসদ কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় খোলা অ্যাকাউন্টগুলির মধ্যে কতগুলি অ্যাকাউন্ট নিস্ক্রিয়? ওই অ্যাকাউন্টগুলিতে কী পরিমাণ টাকা জমা ছিল?

সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভগবত কারাদ বলেন, 'জনধন যোজনার আওতায় খোলা মোট অ্যাকাউন্টের ১৮-২০ শতাংশ নিখোঁজ। এই প্রকল্পের মাধ্যমে যে ৫০ কোটি ৮১ লক্ষ অ্যাকাউন্ট খোলা হয়েছিল, তার মধ্যে প্রায় ১০ কোটিই এখন নিস্ক্রিয়। ওই অ্যাকাউন্টগুলিতে এখনও ১১ হাজার ৫০০ কোটি টাকা জমা রয়েছে।'

জওহর সরকার তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, সরকারের মন্ত্রীরা যখন জনধন যোজনার সাফল্য নিয়ে বুক বাজাচ্ছেন, তখন এই জনধন অ্যাকাউন্টগুলিতে সরকারি প্রকল্পেরই এই বিরাট অঙ্কের টাকা জমা পড়ে আছে। যার কোনও দাবিদারই নেই!