পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকে ভোটের মরশুমে ভোক্কালিগা ও লিঙ্গায়েতদের দলে টানতে উঠে পড়ে লেগেছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ‘বিজেপির সংস্কৃতি’ রক্ষা করে, সংখ্যাগুরুদের মন পেতে তিনি  কোপ  দিয়েছিলেন ওই রাজ্যের মুসলমানদের শিক্ষা ও চাকরির সংরক্ষণের উপর। নির্বাচনমুখী কর্নাটকে তিনি ঘোষণা করেন, মুসলমানদের ৪ শতাংশ সংরক্ষণ কেড়ে নিয়ে ‘লেবেনচুস ভাগ করার মত’ সেই অধিকার ভোক্কালিগা ও লিঙ্গায়েতদের মাঝে বিলিয়ে দেবেন। এরপর এই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।

মঙ্গলবার এই মামলার শুনানি চলাকালীন কর্নাটক সরকারের বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট। সলিসিটর জেনারেল তুষার মেহতা, কর্নাটক সরকারের পক্ষে উপস্থিত হয়ে আদালতের কাছে বাড়তি সময় দাবি করেন। এই সপ্তাহের শেষে কর্নাটক সরকারের যুক্তি দাখিল করা হবে বলে জানান তুষার মেহতা।

মুসলমানদের সংরক্ষণের পক্ষে আবেদনকারীদের আইনজীবী কপিল সিব্বল, তুষার মেহতার অনুরোধে আপত্তি জানাননি।
এরপর মামলাটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়। তবে ২৫ এপ্রিল পর্যন্ত সেখানকার কোনও সরকারি চাকরিতে নিয়োগ করা যাবে না বলে স্পষ্ট করে আদালত।

এর আগে ১৩ এপ্রিল সুপ্রিম কোর্ট মন্তব্য করে, ‘প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে বলা যায়, একেবারে ভুল ধারণার ভিত্তিতে কর্নাটক সরকার মুসলিমদের জন্য বরাদ্দ ৪ শতাংশ কোটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

আগামী ১০ মে কর্নাটকের নির্বাচন। তার আগে মেরুকরণের রাজনীতি করতেই মুসলমানদের জন্য সংরক্ষণের উপর কোপ বসাতে চেয়েছিল বোম্মাই সরকার। তবে সুপ্রিম কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ শুনে আশায় বুক বাঁধছেন সেরাজ্যের মুসলমানরা।