পুবের কলম,ওয়েবডেস্ক: মোগল থেকে ডারউইন- একের পর এক পাঠ্যক্রমে কোপের বিরুদ্ধে সরব হয়েছিল কেরল সরকার। হুঁশিয়ারি দিয়েছিল স্বতন্ত্র পাঠ্যবই ছাপানোর। যেমন বলা তেমন কাজ। সেপ্টেম্বর মাসের ওনামের ছুটির পর নতুন পাঠ্যপুস্তকগুলি পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হবে।

এনসিইআরটি সম্প্রতি একাদশ এবং দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যক্রম থেকে মোগল যুগ সংক্রান্ত অধ্যায় বাদ দিয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান থেকে বাদ পড়েছে গান্ধিহত্যার প্রসঙ্গ। এছাড়া, এনসিইআরটি-র পাঠ্যসূচি থেকে গুজরাত হিংসার প্রসঙ্গও বাদ পড়েছে। দশম শ্রেণির বিজ্ঞান বই থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের বিষয়টিও বাদ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বিষয়ে কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টী সরব হয়েছিলেন। জানিয়েছিলেন, যে বিষয়গুলি পাঠ্যক্রম থেকে ছেঁটে ফেলা হয়েছে, সেগুলি স্কুলশিক্ষায় গুরুত্বপূর্ণ।
এ ভাবে ইতিহাসকে বিকৃত করা যায় না। বাচ্চাদের সঠিক ইতিহাস জানার পূর্ণ স্বাধীনতা রয়েছে। কেন্দ্রের ভরসায় না থেকে এ বার নিজে থেকেই পাঠ্যবই ছাপাবে তারা।

কেন্দ্রের এই শিক্ষানীতি এবং পাঠ্যক্রমে কাটছাঁটের বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি সোশ্যাল সাইটে বলেছিলেন, স্কুলের পাঠ্যবইয়ের গেরুয়াকরণই কেন্দ্রের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।