পুবের কলম,ওয়েবডেস্ক: বাজেটে ১০০ দিনের কাজের প্রকল্পের বরাদ্দ কমানো নিয়ে মোদি সরকারকে আক্রমণ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ২০০৫ সালের আজকের দিনে এই কর্ম নিশ্চয়তা প্রকল্প চালু করতে আইন পাশ করেছিল মনমোহন সরকার। খাড়গের দাবি, গত বাজেটে প্রকল্পের বরাদ্দ ৩৩ শতাংশ কমিয়েছে কেন্দ্র।

১৮টি রাজ্য ১০০ দিনের কাজ বাবদ কেন্দ্রের কাছে মোট ৬৩৬৬ কোটি টাকা পায়। মোদির সরকার প্রকল্পটিকে অবেহলা করছে।
করোনার সময় বহু মানুষকে এটি রুটি-রুজি জুগিয়েছে। প্রাণ বাঁচিয়েছে বহু মানুষের। কিন্তু ইউপিএ জমানার এই প্রকল্পটিকে এখন ঠান্ডাঘরে পাঠিয়ে দিচ্ছে তারা। এর দায় মোদি সরকারেরই বলে মনে করেন খাড়গে। এই প্রকল্পে এখনও ১৪.৪২ কোটি অ্যাকটিভ ওয়ার্কার রয়েছে বলে তিনি দাবি করেন।
এর মধ্যে অর্ধেকই মহিলা। বরাদ্দ কমানোয় কোটি কোটি দরিদ্র মানুষ ভুক্তভোগী।

১৮ বছর আগে তৎকালীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম চালু করেছিল। গ্রামাঞ্চলে দরিদ্র মানুষের কাজের  নিশ্চয়তা দানের উদ্দেশ্যেই চালু হয় এই ১০০ দিনের কাজের প্রকল্প। কিন্তু মোদি সরকার আসার পর থেকেই অনিয়ম শুরু হয়েছে এই প্রকল্পটিতে।
বাংলাসহ বিভিন্ন অবিজেপি রাজ্যগুলিকে চরম অসহযোগিতা করে চলেছে কেন্দ্র।

বাংলার মমতা সরকার প্রকল্পের বরাদ্দ অর্থ না পেয়ে একশো দিনের কাজের নতুন প্রকল্প শুরু করবে বলে জানিয়েছে, যার নাম ‘খেলা হবে’। কেন্দ্রীয় ‘মনরেগা’ যে ধুঁকছে তা স্পষ্ট হয়েছে লোকসভাতেও। গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং সম্প্রতি লোকসভায় জানিয়েছেন, গত এক বছরে (২০২২-২৩) এই একশো দিনের কাজ প্রকল্প থেকে ৫ কোটির বেশি শ্রমিকের নাম বাতিল হয়েছে দেশজুড়ে। গ্রামের অসহায়দের আর্থিক নিরাপত্তা দিতে যে প্রকল্প চালু হয়েছিল, তার এই হাল দেখে তাজ্জব ওয়াকিফহাল মহল।