পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে ফের চিতাবাঘের আক্রমণে চাঞ্চল্য ছড়াল। চিতাবাঘ-এর অতর্কিত হামলায় বন দপ্তরের এক কর্মী-সহ মোট ছয়জন জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের চিকনমাটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এক গৃহবধূ বাড়ির কাজে ব্যস্ত থাকাকালীন হঠাৎ চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে। তাঁর চিৎকারে ছুটে আসেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।
তাঁদের উদ্ধার করতে গিয়ে আরও কয়েকজন আহত হন।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মালহাটি বিটের বিট অফিসার উজ্জ্বল তামাং। চিতাবাঘটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে তিনিও আহত হন। পরে আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা চিতাবাঘটিকে খাঁচাবন্দি করার দাবি তোলেন। এরপর বন দপ্তর দ্রুত পদক্ষেপ করে। আপালচাদ ও লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। রেঞ্জার নবাঙ্কুর ঘোষের নেতৃত্বে ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘটিকে কাবু করা হয় এবং খাঁচাবন্দি করা হয়। পরে পশুটির শারীরিক পরীক্ষা করে জঙ্গলের নিরাপদ এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। চিতাবাঘটি ধরা পড়তেই এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা।