পুবের কলম ওয়েবডেস্কঃ আসন্ন নির্বাচনকে ঘিরে জোর কদমে শুরু হয়ে গিয়েছে ভোট প্রচার। ডুয়ার্স থেকে ভোট প্রচার করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে বন দফতর। জানা গিয়েছে, আগামী কয়েকদিন লাটাগুড়ির জঙ্গলপথে এই বাড়তি সতর্কতা নিচ্ছে বন দফতর।

 

তৃণমূল সূত্রের খবর, চালসার টিয়াবনের হেলিপ্যাডে অবতরণ করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ময়নাগুড়িতে জনসভায় যোগ দেবেন। তবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বন্যপ্রাণীদের উপস্থিতি। বিশেষ করে হাতির উপস্থিতি।

বন দফতর সূত্রে জানা যাচ্ছে, লাটাগুড়ি-চালসাগামী জাতীয় সড়কের মাঝে জঙ্গলপথে হাতি রয়েছে। যা বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বন দফতরের কাছে। যেহেতু চালসা থেকে ময়নাগুড়ির দূরত্ব খুব বেশি নয়। অনুমান করা হচ্ছে, সড়কপথে মমতা লাটাগুড়ি হয়ে আসতে পারেন।
তাছাড়া, এর আগে মুখ্যমন্ত্রী লাটাগুড়ির জঙ্গলপথে প্রাতঃভ্রমণে বেরোতে দেখা গিয়েছিল। এবারও মুখ্যমন্ত্রীর প্রাতঃভ্রমণে বেরনোর সম্ভাবনা রয়েছে।  এছাড়া, ওই পথে প্রায়ই বন্যপ্রাণী দেখা যায়। ফলে মুখ্যমন্ত্রীর সফরের সময় যেকোনোও মুহূর্তে বন্যপ্রাণী দেখা যেতে পারে, সেই আশঙ্কাও থাকছে।  জানা জাছে, গত রবিবার দুপুরে ওই পথে হাতি বেরিয়েছিল। তাতে পুলিশের ডিআইজির গাড়ি আটকে যায়। সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আগামী কয়েকদিন জঙ্গলপথে বাড়তি সতর্কতা থাকবে বলে লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন।