পুবের কলম,ওয়েবডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির পক্ষে প্রচার চালাতে ময়দানে নেমে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জীব বলিয়ান। মঙ্গলবার সকালে হরিদ্বারে গঙ্গায় স্নান সেরে ৪ দিনের কানওয়ার যাত্রা শুরু করেন তিনি। হরিদ্বার থেকে রওনা হন মুজফ্ফরনগরের শিব চকের উদ্দেশ্যে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি হাতিয়ার করতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধিকে। তারই প্রচার শুরু করলেন মুজাফ্ফরনগর দাঙ্গার অন্যতম অভিযুক্ত বালিয়ান।

২০১৩ তে ইউপির মুজাফ্ফরনগরে দাঙ্গা হয়।  ৬০ জন মানুষের মৃত্যু হয় বলে প্রচার হয়েছিল। যাদের অধিকাংশই মুসলিম। যদিও বেসরকারি মতে সেই সংখ্যা ১০০ ছাপিয়ে গিয়েছিল বলে শোনা গিয়েছিল। গৃহহীন হয়েছিলেন প্রায় ৪০ হাজার মানুষ।
দাঙ্গার লাগানোর অভিযোগে অভিযুক্ত বালিয়ানকে ২০১৪ তে টিকিট দিয়েছিল বিজেপি। তিনি বিপুল ভোটে জয়ীও হয়েছিলেন। এবার সেই নেতাই ইউসিসি নিয়ে বিজেপির পালে হাওয়া টানার চেষ্টা করে দলবল নিয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন । আগামী বছর লোকসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে সঞ্জীব বালিয়ানের এই যাত্রাকে তৎপর্যপূর্ণ বলে মনে করছে গেরুয়া শিবির।

এদিন বালিয়ান বলেন , ‘লোকেরা পবিত্র জল বহন করে এবং তাদের ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের জন্য অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আশীর্বাদ চাইতে এই একই কাজ করব।’